বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সোনারগাঁয়ের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলার পাওয়া গেলেও গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় বিয়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। উৎকণ্ঠায় রয়েছেন বিয়ে বাড়ির লোকজন।
গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক নারী নিহত ও একই পরিবারের চারজন নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।
ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন, তাঁর ছেলে সজির হোসেন, সামিন হোসেন, মেয়ে সামিয়া আক্তার। তারা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহপরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ট্রলারের মাঝিসহ ১৩ জন। ট্রলারে বিয়ের বাজার, দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় অন্য একটি নৌযান গিয়ে মাঝিসহ আটজনকে উদ্ধার করে। ঘটনার আধা ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে নিখোঁজদের সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। পরে গতকাল সকাল থেকে দ্বিতীয় দিনে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত তৎপরতা চালিয়ে ট্রলারের সন্ধান পেলেও নিখোঁজদের সন্ধান পায়নি। তবে ট্রলারে দুটি গরু ও একটি খাসি মৃত অবস্থায় পাওয়া যায়।
ট্রলারডুবির ঘটনায় সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজনরা নিখোঁজদের সন্ধানে মেঘনা নদীর তীরে অপেক্ষায় রয়েছেন। সাজিয়া আক্তারের চাচা আনোয়ার হোসেন জানান, ট্রলারডুবিতে তাদের চারজন আত্মীয় নিখোঁজ রয়েছেন। এ ছাড়া তাঁর ফুপাতো বোন রায়েশা বেগম পানিতে ডুবে মারা গেছেন। তাদের বাড়িতে বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
ট্রলারডুবির ঘটনায় সান্ত্বনা দিতে বিয়ে বাড়িতে ছুটে যান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, বৈদ্যেরবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।