বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। অভিযানে দুই দালালকে আটক করে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে আটক দুজন হলেন—হাসিবুর রহমান ও মো. হারুন। তাদের ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ কার্যালয়ে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ধরনের অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলমান রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ই-মেইল: [email protected], [email protected]