রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ক্লিনিকটি পুনরায় চালুর দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির চেয়ারপার্সন বিচারপতি এম এ মতিন ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর গভীর রাতে একদল দুর্বৃত্ত রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি স্বল্প আয়ের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও টিকাদানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এ ধরনের চিকিৎসাকেন্দ্রে হামলা এবং এর ফলে সাধারণ মানুষের সেবা ব্যাহত হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সুজন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে তারা জানতে পেরেছে। এজাহারভুক্ত হামলায় জড়িত অবশিষ্ট ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে সবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রাজনৈতিক পরিচয় বা প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, জমির মালিকানা বা ব্যবহার নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। কোনো বিরোধই আইন নিজের হাতে তুলে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, লুটপাট বা দখলের যুক্তি হতে পারে না। ক্লিনিকের ১০ কাঠা জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।