BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতমালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাক শ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিন মাসব্যাপী এই কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য অর্থায়নের অনুরোধ জানিয়ে গত ১১ই নভেম্বর অর্থ বিভাগের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে সাড়ে চার হাজার টন চাল বরাদ্দের পাশাপাশি ট্রাক ভাড়া, পরিবহন খরচ এবং প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানানো হয়েছে।

তবে এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে, অর্থাৎ জনগণের করের টাকা থেকে।

এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। চলমান পরিস্থিতির চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএস কর্মসূচির পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে বিশেষ কর্মসূচিও পরিচালনা করে। বন্যা, হাওরাঞ্চলে ফসলহানি কিংবা বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে গেলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। এটিও তেমন-ই।