প্রথমবার যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী তমালিকা কর্মকার। আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার জেফারসন স্ট্রিটের ‘সিটি অব আলেকজান্দ্রিয়া লি সেন্টার’-এ মঞ্চস্থ হবে তমালিকা অভিনীত মঞ্চনাটক ‘অমানুষ’।

নাটকটি প্রযোজনা করছে সূচনা থিয়েটার। তমালিকা জানান, ৩১ বছর আগে বরেণ্য নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ সমাজের নানা অবক্ষয় নিয়ে এই নাটক রচনা করেছিলেন। এতদিন পর যুক্তরাষ্ট্রের মঞ্চে ‘অমানুষ’র প্রদর্শনী হলেও এ মুহূর্তে পাশে পাচ্ছেন মামুনুর রশীদকে। এ নিয়ে কিছুটা নার্ভাস থাকলেও তিনি বিশ্বাস করেন, মাথার ওপর আশীর্বাদ হয়ে আছেন মঞ্চের গুণী এই মানুষটি।

তমালিকার কথায়, ‘অমানুষ’-এর অভিনয় নিয়ে অনেক দায়িত্ব বেড়ে গেছে। কারণ হাজার প্রতিকূলতার মাঝেও আমাকে ভালো করতে হবে। যত পরীক্ষিত অভিনেত্রী হই না কেন, যখনই মঞ্চে পারফর্ম করতে যাব তখনই দর্শকের সামনে পরীক্ষা দিতে হবে। কেননা, মঞ্চনাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। মঞ্চে অভিনয় করে সরাসরি দর্শক প্রতিক্রিয়া জেনে নেওয়া নেশায় পরিণত হয়েছে; যে নেশায় বারবার ডুবে যেতে চাই। তাই যুক্তরাষ্ট্রের মঞ্চে অভিনয়ের সুযোগ করে দেওয়ায় আমি কৃতজ্ঞ নাট্য নিদের্শক জান্নাতুল টুম্পা ও নাটক সংশ্লিস্ট সবার কাছে।’

প্রসঙ্গত, বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনয় করে অগণিত দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তমালিকা কর্মকার। তাঁর অভিনীত বিটিভির ‘কোন কাননের ফুল’, ‘কোথাও কেউ নেই’, ‘সারাবেলা’ নাটকগুলো দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকের মাঝে।

পাশাপাশি ‘অন্য জীবন’ সিনেমায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন এই অভিনেত্রী। সেই সুবাদে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ তমালিকাকে ডেকে তাঁর নাট্যদল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত করেন।

১৯৯২ সালে তমালিকা আরণ্যক-এর হয়ে মঞ্চে প্রথম অভিনয় করেন মামুনুর রশীদ রচিত আজিজুল হাকিম পরিচালিত ‘পাথর’ নাটকে। এরপর একে একে তাঁকে দেখা যায় ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘রাঢ়াং’, ‘শত্রুগণ’, ‘উপরওয়ালা’, ‘বঙ্গভঙ্গ’, ‘দ্য জুবিলি হোটেল’, ‘ইবলিশ’, ‘হেলাখেলা’, ‘প্রাকৃতজন কথা’সহ আরও বেশকিছু নাটকে।