বলিউড অভিনেতা গোবিন্দ ও তার ‘রূপা’ ছবির সহঅভিনেত্রী কমল রানিকে ঘিরে গুঞ্জন থামছেই না। এর মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা।

বুধবার বিমানবন্দরে পোষ্যকে কোলে নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলছিলেন সুনীতা। এ সময় কাউকে সরাসরি উদ্দেশ করে কিছু না বললেও তিনি বলেন, ‘মানুষকে যতই ভালোবাসা হোক, শেষ পর্যন্ত ঠকতে হয়। বরং পশুরাই মানুষের চেয়ে ভালো।’

সুনীতা অবশ্য তার এই মন্তব্যে কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। তবে বর্তমানে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলায় তার মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সুনীতার এই মন্তব্যের ঠিক এক দিন আগে, মঙ্গলবার মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন গোবিন্দ। তার সঙ্গে ছিলেন কমল রানি। দুজনকে একসঙ্গে গণেশ দর্শন করতে দেখা যায়। পরে তাঁদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গোবিন্দ ও কমল রানির সম্পর্ক নিয়ে যে ধরনের জল্পনা চলছে, তার পক্ষে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তাঁদের সম্পর্ককে পেশাগত বলেই দেখা হয়েছে।

কমল রানিকে নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। গত আগস্টে গোবিন্দ ও কমল রানির একটি বিমানবন্দরের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি।’ পরে পাপারাজ্জিদের সঙ্গে কথোপকথনের সময় গোবিন্দর সঙ্গে কমল রানির ঘোরাফেরা নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি।