তারুণ্য যদি সচেতন হয়, মাদক সেবন আর নয়–এই স্লোগানে পাবনার চাটমোহরে ছয়টি গ্রামের যৌথ উদ্যোগে একটি মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর, আড়ংগাইল ও মল্লিকবাইন তিন মাথা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত ওমর গ্যাংসহ সবার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দা আজীর উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে ও ফয়সাল কবীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ছয় গ্রামের সমন্বিত কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাউসার, মনসুর আলম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ওমর আলী। তাঁর বাড়ি থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি হয়ে আসছে। তাঁর কারণে এলাকায় মাদকসেবী বেড়ে চলেছে। প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক ও বৃদ্ধরা মাদকে আসক্ত হচ্ছে এবং সমাজে চুরি ও বিশৃঙ্খলা বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, অন্যথায় তাঁকে এলাকা ছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ওমর নিজে মাদক ব্যবসা করেন। তিনি এলাকাবাসীকে হুমকি দেন। এটি মেনে নেওয়া যায় না। তারা বলেন, প্রয়োজনে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হবে। এর আগে মহিজলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়ংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ই-মেইল: [email protected], [email protected]