শিক্ষার্থীদের সুরক্ষা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন-অফলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকাসক্তি এবং জুয়ার প্রবণতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিরোধমূলক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে তাদের অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের সময়সীমা, সদস্য সংখ্যা ও কাঠামো সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। কমিটিতে কারা থাকবেন, তাদের দায়িত্ব কী হবে এবং প্রতিষ্ঠানভেদে কমিটির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে– এসব বিষয়ও স্পষ্ট করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি গঠনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। এর পর দুই মন্ত্রণালয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা বা নীতিমালাতে বিস্তারিত বলা হবে। সেখানে কমিটির গঠন, দায়িত্ব ও কার্যপরিধি নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে। সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।
ই-মেইল: [email protected], [email protected]