মাদক থেকে দূরে থাকা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’। ভৈরব বন্ধুসভার আয়োজনে ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল। বাংলাদেশের জাতীয় পতাকার লাল ও সবুজ রং থেকে অনুপ্রাণিত হয়ে দল দুটির নাম ও রং নির্ধারণ করা হয়।
খেলা শেষে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা বলেন, ‘বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য মাদক একটি অদৃশ্য মহামারি। এটি একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই তরুণদের পড়াশোনার পাশাপাশি অবসর সময় অবশ্যই খেলার মাঠে কাটাতে হবে এবং ভালো সঙ্গ বেছে নিতে হবে।’
ম্যাচের ছবি ধারণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি জান্নাতুল মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, সংস্কৃতি সম্পাদক মোশাররফ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।
মাদকবিরোধী এ আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চায় ভৈরব বন্ধুসভা।