একই নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন জেলার ভেরিফিকেশন পদ্ধতিতে কি কোনো অসামঞ্জস্য ছিল?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন—এমন প্রার্থীর সংখ্যা কম নয়। নিয়োগপ্রক্রিয়ার একেবারে শেষ ধাপে এসে চাকরি না পাওয়ার এই ঘটনা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যারা লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে মেধাক্রমে জায়গা করে নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের পর বাদ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তার স্বচ্ছ ব্যাখ্যা এখন জরুরি।

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন গুরুত্বপূর্ণ ধাপ। প্রার্থীর পরিচয়, নাগরিকত্ব, ঠিকানা, অতীতের কোনো গুরুতর তথ্য বা রাষ্ট্রীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় যাচাইয়ের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ভেরিফিকেশন নিজেই যদি অস্পষ্টতা ও প্রশ্নের জন্ম দেয়, তাহলে পুরো নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। এখানেই এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘ভেরিফিকেশন বিতর্ক’-এর মূল জায়গাটি। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত একজন প্রার্থীকে বাদ দেওয়ার ক্ষেত্রে শুধু ‘নেতিবাচক ভেরিফিকেশন’ বলা যথেষ্ট নয়। কী তথ্যের ভিত্তিতে রিপোর্ট নেতিবাচক হলো, সেই তথ্যের সত্যতা কতটা যাচাই করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। কারণ পুলিশ ভেরিফিকেশনের কোনো ভুল তথ্য, অসম্পূর্ণ অনুসন্ধান কিংবা স্থানীয় পর্যায়ের ভুল বোঝাবুঝির কারণে একজন যোগ্য প্রার্থী চাকরি হারালে তার দায় কে নেবে? আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভেরিফিকেশন কোনো বিচারিক প্রক্রিয়া নয়। এটি নিয়োগের একটি যাচাই-পর্ব। ফলে কোনো অভিযোগ, মামলা বা স্থানীয় বিরোধের অস্তিত্ব থাকলেই একজন প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যাবেন—এমন নীতি ন্যায়সংগত হতে পারে না। অভিযোগের প্রকৃতি, মামলার অবস্থা, আদালতের সিদ্ধান্ত এবং অভিযোগের সঙ্গে প্রার্থীর প্রকৃত সংশ্লিষ্টতা—সবকিছু বিবেচনায় নেওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে আরেকটি প্রশ্ন সামনে এসেছে—একই নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন জেলার ভেরিফিকেশন পদ্ধতিতে কি কোনো অসামঞ্জস্য ছিল? কোথাও প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন, আবার কোথাও একই ধরনের তথ্যের কারণে কেউ বাদ পড়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে একই ধরনের ঘটনায় একই ধরনের মানদণ্ড প্রয়োগ না হলে বৈষম্যের অভিযোগ উঠতেই পারে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বাদ পড়া প্রার্থীদের অনেকেই এখন পর্যন্ত স্পষ্টভাবে জানতে পারছেন না—তাদের ঠিক কোন কারণে নিয়োগ দেওয়া হয়নি। চাকরির প্রত্যাশায় বছরের পর বছর প্রস্তুতি নেওয়া একজন প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর যদি জানতে পারেন তিনি বাদ পড়েছেন, অথচ কারণটি পরিষ্কার নয়, তাহলে তার হতাশা ও ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক।

এই পরিস্থিতিতে পুনরায় যাচাইয়ের উদ্যোগের কথা সামনে এসেছে। এটি হলে সেটি হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও নথিনির্ভর। প্রয়োজনে ভিন্ন কর্মকর্তার মাধ্যমে তথ্য পুনরায় যাচাই করা যেতে পারে। তবে শুধু ‘ফের ভেরিফিকেশন’ করলেই হবে না; আগের রিপোর্টে কোথায় ভুল বা অসংগতি ছিল, সেটিও চিহ্নিত করতে হবে। একই সঙ্গে প্রার্থীদের বক্তব্য শোনার সুযোগ দিতে হবে।