প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন প্রার্থীরা। আজ রোববার বেলা ১১টা থেকে শাহবাগ থানার সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে। ‘সারা বাংলাদেশের নিয়োগপত্রবঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বগুড়ার ধুনট উপজেলা থেকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পেয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন আশরাফুল ইসলাম পাভেল। তিনি বলেন, ‘আমাদের বাদ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। আমাদের একটাই দাবি, আগামী ১ তারিখে যারা চাকরিতে যোগদান করবেন, আমরাও তাদের সঙ্গে একই সময়ে নিয়োগপত্র নিয়ে যোগদান করতে চাই।’

সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কি না—এ প্রসঙ্গে তিনি জানান, তাদের পাঁচজনের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

অন্য কোনো কর্মসূচির পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এখনো অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে জায়গা পরিবর্তন হতে পারে।’

পাভেলের মতো আরেক চাকরিপ্রত্যাশী এসেছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা থেকে। তিনি সমকালকে বলেন, ‘আমরা মরার জন্য এসেছি, আমরা মরে যাব। বাসা থেকে চোখের জল নিয়ে বের হয়েছি। আমার বাবা-মা যদি জানেন আমার নিয়োগ হবে না বা চাকরি পাব না, তারা স্ট্রোক করবেন।’