দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক, ওটিটিরি গণ্ডি পেরিয়ে এখন সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তিনি। ভিউয়ের অস্থির প্রতিযোগিতার মাঝেও বেছে বেছে কাজে যুক্ত হন তিনি। তবে দেশের বিনোদন অঙ্গনে ভিউ, বাজেট ও শিল্পীদের পারিশ্রমিক নিয়ে এবার খোলামেলা কথা বললেন তিনি।

তার মতে, বর্তমানে যে ভিউয়ের প্রতিযোগিতা চলছে তা অনেকটাই প্রশ্নবিদ্ধ, আর ওটিটি প্ল্যাটফর্মেও আগের মতো মানসম্মত কাজ ও বাজেট নেই। ফলে শিল্পীরা তাঁদের কাজের যথাযথ মূল্যায়ন ও সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্প্রতি দেশের অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আড্ডায় অংশ নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিউ একটা প্রশ্নবোধক চিহ্নে এসে দাঁড়িয়েছে—এটা আসলে প্লাস করছে, নাকি মাইনাস করছে। তবে যে কথাটা বললাম, ওটিটি বা ফিল্মের প্রতি কেন নাটক থেকে একটু ওদিকে সবাই যাচ্ছে? সবাই যাচ্ছে না। কিন্তু কারও আকাঙ্ক্ষাটা যদি একটু বেশি থাকে—না, আমি একটু কোয়ালিটিফুল কাজ করতে চাই, একটু যত্নের কাজ করতে চাই—তখন সে ওটিটিতে যায়।”

ওটিটির উত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওটিটির উত্থানটা যেভাবে হয়েছিল, সেই জায়গায় আবার আমি গত দুই বছরে দেখলাম যে অনেকটা পড়ে গেছে।

এর কারণ ব্যাখ্যা করে চঞ্চল বলেন, ‘টেলিভিশনটা একসময় যেরকম উঠেছিল, টেলিভিশনের যে বাজেট ছিল, সেই বাজেটটা তারা আস্তে আস্তে কমিয়ে দেয়। ঠিক ওটিটিরও প্রথম দিকে যে বাজেটটা দিয়ে শুরু করেছিলাম আমরা, সেই বাজেটটা কিন্তু আর বাড়েনি। কিন্তু প্রত্যেক বছরই তো সবকিছুর দামই বাড়ছে।’

কাজের ক্ষেত্রে অর্থের বিষয়টি এখন সবার আগে চলে আসছে বলেও মন্তব্য করেন তিনি। চঞ্চল বলেন, ‘এখন একটা বিষয়, এটা খুবই বলতেও খুব খারাপ লাগে। যেকোনো মাধ্যমে কাজ করতে গেলে টাকার অঙ্কটা আগে উঠে আসে।’