প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন রাখা হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে। নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো আছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ প্রশংসা হবে। এই উদ্দেশ্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।

কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান অবস্থা আমরা এখান থেকে কেন্দ্রীয়ভাবে মনিটর করব। যাতে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি।

এদিকে, উপনির্বাচন সামনে রেখে আজ দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।