নতুন বন্ধু সংগ্রহ ও শিক্ষার্থীদের বন্ধুসভার কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় বন্ধুরা দিনাজপুর বন্ধুসভার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, পাঠচক্র, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমসহ নানা উদ্যোগ সম্পর্কে জানানো হয়।

বন্ধু সংগ্রহ কার্যক্রম ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। বন্ধুসভার বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অসংখ্য শিক্ষার্থী। কেউ কার্যক্রম সম্পর্কে জানতে চান, কেউ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের সামনে বন্ধুসভার ওয়েবসাইটে প্রকাশিত দিনাজপুর বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের সংবাদ ও প্রতিবেদনগুলোর প্রিন্ট কপি প্রদর্শন করা হয়।

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভার নতুন বন্ধু সংগ্রহ।নিবন্ধন করতে আসা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সজীব ইসলাম বলেন, ‘বন্ধুসভার কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখি। সেখান থেকেই এখানে যুক্ত হওয়ার তীব্র ইচ্ছা জেগেছে। আজ নিজের ক্যাম্পাসে এসে বন্ধুসভায় যুক্ত হতে পেরে সত্যিই ভালো লাগছে।’

অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঋতু খাতুন বলেন, ‘আমার কয়েকজন বন্ধু বন্ধুসভার সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের কাছ থেকেই বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জেনেছি। আজ থেকে আমিও আনুষ্ঠানিকভাবে বন্ধুসভার সঙ্গে যুক্ত হলাম। ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ লাগছে।’

দিনাজপুর বন্ধুসভার বন্ধু জাহিন নেওয়াজ, সুম্মা বিথী, সুমাইয়া আক্তার, তাসনিম পৌষী ও আল আবিক পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করেন।

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় জানান, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা গড়ে তুলতেই বন্ধু সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।