ভারতে ভোটার তালিকা সংশোধনের সময় নির্বাচন কমিশন (ইসিআই) অনিয়ম করেছে। সম্প্রতি প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এরপর থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই দেশটিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক চলছে। গত সপ্তাহে এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, তিন কমিশনারের মধ্যে দুজনের অনুমোদন ছাড়াই তালিকা সংশোধন কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ইসিআই এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সব সিদ্ধান্তই সর্বসম্মত ছিল। সেগুলো আইনসম্মতভাবে নেওয়া হয়েছে।

ভারতজুড়ে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়ে বিরোধী দলগুলো প্রায়ই প্রশ্ন তুলে আসছে। তাদের অভিযোগ, এই কার্যক্রমের মাধ্যমে তালিকা থেকে কয়েক লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যার সুবিধা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন প্রকাশের পর যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো তুলে ধরা হলো:

কী নিয়ে বিতর্ক? ভারতে নতুন করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয় গত বছর। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দেয়।