জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে জ্বালানি শিল্পের তীব্র সমালোচনা করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার তিনি বলেন, বিশ্বের বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমার মতো ব্যবহার করছে।

গুতেরেস বলেন, ‘আমরা জানি, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্টরা নিজে থেকে সরে দাঁড়াবে না। কয়েক দশক ধরে বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমা হিসেবে ব্যবহার করেছে। বিপরীতে তারা বিপুল অর্থও আয় করেছে।’

জাতিসংঘের বিদায়ী মহাসচিব আরও বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা পাঁচটি বড় তেল কোম্পানি প্রায় ৫০০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। বিপরীতে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর খাপ খাইয়ে নেওয়ার তহবিলে সংগ্রহ হয়েছে মাত্র ৩৪ বিলিয়ন ডলার।

জীবাশ্ম জ্বালানি শিল্পে ক্ষমতার অপব্যবহারের সঙ্গে বড় তামাক কোম্পানির কর্মকাণ্ডেরও তুলনা করেন গুতেরেস। তিনি বলেন, যারা সবচেয়ে বেশি দূষণ ও মুনাফা অর্জন করছে তাদেরকেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে হবে।

কিছুদিন আগে পৃথিবীর উত্তর গোলার্ধ গ্রীষ্মকালে রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয়েছে। হিমবাহ ধসের কারণে সৃষ্ট বন্যায় নেপালে প্রাণ হারিয়েছে কয়েক’শ মানুষ। এমন সময়ে জাতিসংঘ মহাসচিব তেল কোম্পানিগুলোর দ্বারা বায়ুমণ্ডল দূষিত হওয়ার প্রসঙ্গ তুললেন।

গুতেরেস বলেন, ‘ঝুঁকি যেমন আছে, তেমন আশাও আছে।’ তিনি বিশ্বজুড়ে সৌর ও বায়ু শক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারণের কথা উল্লেখ করেন। বিশ্বের বেশিরভাগ অঞ্চলে বর্তমানে সবচেয়ে কম খরচে জ্বালানির উৎস হলো নবায়নযোগ্য জ্বালানি।