সুইজারল্যান্ডে জার্মান জুটির জয়গান১৯৫৪ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডে যাওয়ার সময় ফ্রিৎস ও অটমার ছিলেন পশ্চিম জার্মানির আক্রমণভাগের সবচেয়ে ভয়ংকর দুই খেলোয়াড়। নিজেদের শহরের ক্লাব কায়জারস্লাউটার্নের হয়ে গোলের পর গোল করেছেন তাঁরা। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চেও সেই ধারা ধরে রাখলেন।

অটমার বয়সে ভাইয়ের চেয়ে তিন বছরের ছোট, তখন তাঁর বয়স ৩০। তুরস্কের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয়ে জার্মানদের তৃতীয় গোলটি করে শুরুটা রাঙিয়ে দেন তিনি। পরে একই প্রতিপক্ষের বিপক্ষে ৭-২ গোলের প্লে-অফ জয়ে দুজনেই গোল পান। এই জয়ে নিশ্চিত হয় পশ্চিম জার্মানির নকআউট পর্ব।

যুগোস্লাভিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটি, প্রতিপক্ষ অস্ট্রিয়া। দলকে ফাইনালে তোলার পথে ভাইয়েরা ছিলেন সামনের সারিতে। অধিনায়ক ফ্রিৎস দুটি পেনাল্টিতে জোড়া গোল করেন, অটমারও করেন দুটি। ম্যাচটি পশ্চিম জার্মানি জেতে ৬-১ ব্যবধানে।

বার্নের অলৌকিক ঘটনাএরপর এল ‘বার্নের অলৌকিক ঘটনা’। গ্রুপ পর্বে ফাইনালের প্রতিপক্ষ হাঙ্গেরির কাছে পশ্চিম জার্মানি ৮-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল, ফেরেনৎস পুসকাশদের সেই জয় ছিল অবিশ্বাস্য। ফাইনালেও ‘মাইটি মাগিয়ার্স’–খ্যাত হাঙ্গেরি প্রথম আট মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেলে মনে হচ্ছিল, ফল হয়তো একই রকম হতে চলেছে।

কিন্তু এবার ভেঙে পড়ল না পশ্চিম জার্মানি। ম্যাক্সিমিলিয়ান মরলক ব্যবধান কমালেন, এরপর হেলমুট রানের দুই গোলে অলৌকিক প্রত্যাবর্তন সম্পূর্ণ হলো।পশ্চিম জার্মানির প্রথম অধিনায়ক হিসেবে জুলে রিমে ট্রফি উঁচিয়ে ধরলেন ফ্রিৎস। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ প্রিয় ভাই অটমার ছিলেন সেই উৎসবের সঙ্গী।

পশ্চিম জার্মানির ফ্রিৎস ও অটমার ভালটার।ইংল্যান্ডের ভরসা চার্লটন ভাইদের শৈলী ও দৃঢ়তাজ্যাক ও ববি চার্লটন ইংলিশ ফুটবলের দুই মহান খেলোয়াড় হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। দেশের উত্তর-পূর্বের ছোট শহর অ্যাশিংটনে জন্ম তাঁদের। ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপজয়ী ‘থ্রি লায়ন্স’ দলের অপরিহার্য সদস্য ছিলেন দুজনই।