জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিপিএএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ) নেতারা। রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকের পর জামায়াত নেতা এবং ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাসপাতাল গুড়িয়ে দেওয়া, বিভিন্নস্থানে হামলা, গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত। এ পরিস্থিতি অব্যহত থাকলে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ কোনো খাতই নিরাপদ থাকবে না। সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। মব, পেশিশক্তির ব্যবহার এবং সহিংসতার মাধ্যমে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।

ছিনতাই, চাঁদাবাজিসহ অস্থিতিশীল পরিস্থিতিকে ব্যবসায়ের জন্য হুমকি বলে আখ্যা দেন বিপিএএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার। তিনি বলেন, ‘আমরা শুধু ব্যবসা নিয়ে থাকতে চাই। দেশের অর্থনীতি নিয়ে থাকতে চাই। কর্মসংস্থান নিয়ে থাকতে চাই। রাজনীতির যে ব্যাপার আছে, রাজনীতিবিদ যাঁরা আছেন, তাঁদেরই রাজনীতিটা করা উচিত।’

জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে বৈঠকে বিরোধীদলীয় নেতা প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সংসদে তুলে ধরে ভূমিকা রাখার আশ্বাস বিরোধীদলীয় নেতা। এ খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

গোলাম পরওয়ার বলেন, তৈরি পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের সঙ্গে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং রপ্তানি বাড়াতে এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।