বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সরকারের দুটি প্রতিষ্ঠানের বকেয়া পাওনা সাত হাজার ৭৫৬ কোটি টাকার বেশি। যদিও রাষ্ট্রায়ত্ত সংস্থাটির দাবি, তারা রেকর্ড মুনাফা করছে। পাঁচ বছর ধরে লাভজনক অবস্থানে আছে সংস্থাটি। এদিকে বিমানের বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার তোড়জোড় চলছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বকেয়া পাওনা পাঁচ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৯৭৪ টাকা। পদ্মা অয়েল পিএলসির পাওনা এক হাজার ২৩২ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩৮২ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানের কাছে পদ্মা অয়েলের পাওনা পরিশোধের ব্যাপারে গত বছর ২১ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয় বিমানপ্রতি মাসে পদ্মা অয়েলকে অন্তত ২৫ কোটি টাকা দেবে। জানতে চাইলে পদ্মা অয়েল পিএলসির উপমহাব্যবস্থাপক (এভিয়েশন) অনুপ কুমার বড়ুয়া সমকালকে বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে ২৫ কোটি টাকা পদ্মা অয়েলকে দিচ্ছে বিমান কর্তৃপক্ষ।
২০১১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পদ্মা অয়েল কোম্পানির মোট বকেয়া পাওনা ছিল দুই হাজার ১০৮ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা। গত বছরের ২১ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ে সভার পর থেকে প্রতিমাসে ২৫ কোটি টাকা পরিশোধ করছে বিমান। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, বিমান কর্তৃপক্ষ ইতোমধ্যে ৮৭৫ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ৮৯২ টাকা বকেয়া পরিশোধ করেছে। তবে এখনও পাওনা রয়েছে এক হাজার ২৩২ কোটি ৭১ লাখ ১৬ হাজার ৩৮২ টাকা।
বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ সমকালকে জানিয়েছেন, গত আগস্ট পর্যন্ত বিমানের বিভিন্ন অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জের বকেয়া এবং সারচার্জ মিলিয়ে মোট পাওনা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৮৭৪ টাকা। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষকে একাধিক চিঠি দেওয়া হয়। এখন পর্যন্ত ওই পাওনা টাকা পরিশোধ করা হয়নি। এদিকে বিমান কর্তৃপক্ষের দাবি রেকর্ড মুনাফা করছে রাষ্ট্রায়ত্ত এ সংস্থা। গত অর্থবছর (২০২৪-২৫) যাত্রী পরিবহন করে ৭৮৫ কোটি টাকা লাভ করেছে বিমান। গত পাঁচ বছর টানা লাভের মধ্যে আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কাস্টমার সার্ভিস ও জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, বিমানের বহরে আধুনিক মানের বোয়িং ৭৭৭-৩০০ইআর চারটিসহ মোট এয়ারক্রাফট হচ্ছে ১৯টি। বিমান এয়ারলাইন্সের এসব উড়োজাহাজ যাত্রীসেবায় দেশের অভ্যন্তরীণ রুটসহ বিদেশের নামিদামি শহরকেন্দ্রিক বিমানবন্দরগুলোতে উড্ডয়ন-অবতরণ করছে। বিমানের এ কর্মকর্তা আরও জানান, বর্তমানে টানা লাভের মধ্যে রয়েছে এয়ারলাইন্সটি।
বিমানের বহর ভারী করতে আরও আধুনিক মানের ১১টি বোয়িংসহ ২১টি উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। সূত্র জানায়, অর্থায়ন, বিমানবহরের পরিচালন ব্যয় ও ভূ-রাজনৈতিক চাপের মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও জাতীয় পতাকাবাহী সংস্থাটি আরও ১১টি বোয়িং ও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক চুক্তির পথে এগোচ্ছে। এর ফলে ভবিষ্যতে তাদের সংগ্রহ তালিকায় মোট উড়োজাহাজের সংখ্যা হবে ৩৫। নাম প্রকাশ না করার শর্তে বিমানের আরেক কর্মকর্তা জানান, সংস্থাটির কারিগরি-আর্থিক কমিটি (টেকনো-ফাইন্যান্স কমিটি) প্রস্তাবিত এয়ারবাস সংগ্রহের বিষয়ে তাদের কাজ ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করেছে এবং বিমানের পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। পর্ষদের একটি উপকমিটিও তাদের কাজ শেষ করেছে এবং প্রস্তাবিত চুক্তির আগে উভয় পক্ষ এখন চূড়ান্ত পর্যালোচনা চালাচ্ছে। এয়ারবাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য বিমান কর্তৃপক্ষ প্রস্তুত।