মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ক্যারিয়ারবিবিএ শেষ করে চাকরি আগে নাকি এমবিএলেখা: কামরুল হাসানপ্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪: ৩৫ শুধু ডিগ্রি অর্জনকে ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখা যাবে না।ডিগ্রি অর্জনের পরপরই এমবিএ করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ছাড়া উচ্চশিক্ষা কতটা কার্যকর? চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতার আলোকে বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ শেষ করার পর একজন শিক্ষার্থীর সামনে সাধারণত দুটি পথ খোলা থাকে। প্রথমটি, সরাসরি এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া। দ্বিতীয়টি, আগে চাকরির বাজারে প্রবেশ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পরবর্তী সময়ে নিজের প্রয়োজন ও লক্ষ্য অনুযায়ী এমবিএ করা। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের কাছে প্রথম পথটিই বেশি আকর্ষণীয়। কারণ, প্রচলিত ধারণা হলো—যত বেশি ডিগ্রি, তত বেশি যোগ্যতা এবং তত ভালো চাকরির সুযোগ।
আন্তর্জাতিক চাকরির বাজারের দিকে তাকালে দেখা যায়, নিয়োগের ক্ষেত্রে শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব দক্ষতা, কারিগরি জ্ঞান ও কাজের অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জার্মানি, জাপান, চীন ও সুইজারল্যান্ডসহ উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষারও শক্তিশালী ব্যবস্থা রয়েছে। সেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজ শেখার সুযোগ পান।
এই বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়—শুধু বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকলেই কি একজন প্রার্থী চাকরির জন্য প্রস্তুত হয়ে যান? একজন নিয়োগকর্তা কি কেবল শিক্ষাগত যোগ্যতা দেখেই প্রার্থী নির্বাচন করেন, নাকি তাঁর বাস্তব কাজের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগের সক্ষমতা এবং ব্যবসায়িক পরিস্থিতি বোঝার যোগ্যতাকেও গুরুত্ব দেন?
আমার দীর্ঘদিনের মানবসম্পদ ব্যবস্থাপনা ও নিয়োগ কার্যক্রমের অভিজ্ঞতায় একটি বিষয় স্পষ্ট—শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে চাকরির দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে তাঁর টিকে থাকা, ভালো করা এবং ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও শেখার মানসিকতা। তাই বিবিএ শেষ করার পরপরই এমবিএ শুরু করার আগে শিক্ষার্থীদের ভেবে দেখা প্রয়োজন, তাঁরা আসলে কী অর্জন করতে চান।
ডিগ্রির পাশাপাশি চাকরির বাজার চায় কাজের সক্ষমতাএকসময় চাকরির বাজারে ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও ভালো সিজিপিএকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এখনো এগুলোর গুরুত্ব রয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও ফলাফল বিবেচনা করা হয়। তবে নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রার্থীর বাস্তব দক্ষতা, চিন্তাভাবনা, কাজের ধরন এবং শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।