প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৫
বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে পরকীয়ার গুঞ্জন। কন্যার বয়সী সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে আলোচনা চলছে। এমনকি মুম্বাইয়ে লালবাগচা রাজার দর্শনেও দুজনকে একসঙ্গে দেখা গেছে।
স্বামীকে ঘিরে এমন গুঞ্জনের মধ্যে নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। এক কাল্পনিক পরিস্থিতিতে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য তিনি বেছে নিয়েছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানকে।
‘লক আপ ২’-এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসার পর সুনীতা সম্প্রতি হাজির হয়েছিলেন ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ। অনুষ্ঠানের র্যাপিড-ফায়ার পর্বে তাকে শাহরুখ খান, শহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বেছে নিতে বলা হয়।
কোনো দ্বিধা না করেই শাহরুখ খানের নাম নেন সুনীতা। অর্থাৎ এমন কাল্পনিক পরিস্থিতিতে তার প্রথম পছন্দ যে শাহরুখ, সেটি স্পষ্ট করে দেন তিনি।
গোবিন্দর সঙ্গে অন্য নারীর সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীর অন্য নারীদের প্রতি আকর্ষণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সুনীতা। তবে সাম্প্রতিক গুঞ্জন নিয়ে তার মধ্যে কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন তিনি। এমনকি গোবিন্দকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও কোনো অনুশোচনা নেই তাঁর।