প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়া প্রার্থীদের তথ্য আবার যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে জেলায় জেলায় কর্মকর্তাদের মাধ্যমে গতকাল রোববার এসব প্রার্থীর তথ্য পুনর্যাচাই শুরু হয়েছে।
এরই মধ্যে কয়েকটি জেলায় বাদ পড়া প্রার্থীদের নামে দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যুও শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, যাচাই-বাছাইয়ের কারণে যেসব সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নিয়োগপত্র আটকে আছে, প্রয়োজনে নতুন কর্মকর্তাদের মাধ্যমে তাদের তথ্য আবার যাচাই করা হবে। ইতিবাচক প্রতিবেদন পাওয়া প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
এদিকে নিয়োগপত্র না পেয়ে গতকাল রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েকশ প্রার্থী। বেলা ১১টা থেকে শাহবাগ থানার সামনে জাতীয় জাদুঘর-সংলগ্ন এলাকায় ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে তারা অবস্থান নেন। বিভিন্ন জেলার নিয়োগপত্র ধাপে ধাপে প্রকাশের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার পর আন্দোলনকারীদের অনেকে শাহবাগ ছাড়েন।
আন্দোলনকারীরা জানান, আজ সোমবার সকালে আবার শাহবাগে জড়ো হয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা। সবার নিয়োগপত্র প্রকাশ হলে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে। ভোলা থেকে আসা চাকরিপ্রার্থী শাখাওয়াত হোসেন সমকালকে বলেন, ‘যেসব প্রার্থীর নাম বাদ পড়েছিল, ধাপে ধাপে তাদের নাম প্রকাশ করা হচ্ছে। এ খবরে আমরা মোটামুটি সন্তুষ্ট।’
গাইবান্ধা থেকে আসা সালেহীন বলেন, ‘যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তাদের কয়েকজন বাদ যেতে পারেন। বাকিদের নিয়োগপত্র শিগগির প্রকাশ হবে বলে আমরা আশা করছি।’