চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ি ও পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা সংঘটিত হওয়ার পর আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ধূইল্যাঝিরি এলাকায় জমিলা আক্তারের সঙ্গে তার শাশুড়ি হোসনে আরা বেগমের (৬০) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় কয়েকজন নারী-পুরুষ তা থামাতে এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়া থামাতে আসা প্রতিবেশী রাশেদকে গাছের বড় একটি ডাল (লাঠি) দিয়ে আঘাত করেন জমিলা আক্তার। এতে রাশেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৯টার দিকে রাশেদের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ফরিদা বেগম (৩০), রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

নিহত রাশেদের স্ত্রী জিয়াসমিন আক্তার তার স্বামীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

হোসনে আরা বেগম বলেন, মঙ্গলবার সকালে আমার নাতনি দুষ্টুমি করার কারণে তাকে একটি বেতের বাড়ি দিই। এ ঘটনাকে কেন্দ্র করে জমিলা আমার ওপর চড়াও হয় এবং মারধর করে। পরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।