গত বছরের ১৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যায় বন্ধু দৃষ্টি। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই দিন তাঁকে স্মরণ করে আবারও ‘পাখির জন্য ভালোবাসা’ কর্মসূচি করেছে সিলেট বন্ধুসভা। এদিন বিকেলে সিলেটের আলুরতল ইকোপার্কের প্রায় ৪০টি গাছে পাখিদের জন্য বাসস্থান তৈরি করে দেন বন্ধুসভার সদস্যরা। পরে দৃষ্টির সঙ্গে তাঁদের বন্ধুত্ব, তাঁর নানা স্মৃতি ও বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণের কথা স্মরণ করেন সবাই।

২০১৯ সালে সিলেট বন্ধুসভার সঙ্গে যুক্ত হন দৃষ্টি। এর পর থেকে বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশ নিতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সরব উপস্থিতি ছিল। তাঁর হাসিমুখ ও প্রাণবন্ত উপস্থিতি এখনো মনে পড়ে বন্ধুদের।

সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমেদ বলেন, ‘দৃষ্টি অনেক সাহসী মেয়ে ছিল। সে সব কাজে পারদর্শী ছিল এবং সব সময় হাসিমুখে থাকত। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের।’