বুধবার, ১১ নভেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে ফিচারবন্ধুত্ব থেকে সামাজিক শক্তি: বন্ধুসভার ২৮লেখা: এম এম মাসুম বিল্যাহপ্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬: ০১ একটি সংগঠনের বয়স বাড়ে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তার গভীরতা বাড়ে মানুষের জীবনে রেখে যাওয়া প্রভাবের মধ্য দিয়ে। ২৮ বছর—একটি সংগঠনের জন্য কম সময় নয়। এ সময়ে বদলেছে পৃথিবী, বদলেছে সমাজের বাস্তবতা, বদলেছে মানুষের প্রয়োজন। কিন্তু একটি প্রশ্ন আজও প্রাসঙ্গিক—বন্ধুত্বের যে স্বপ্ন নিয়ে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্ন কতটা মানুষের জীবনে পৌঁছাতে পেরেছে?
‘বন্ধুত্ব’ শব্দটি শুনলে প্রথমেই মনে পড়ে ব্যক্তিগত সম্পর্কের কথা। একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু বন্ধুত্বের আরও বড় একটি অর্থ আছে। যে সম্পর্ক মানুষকে নিজের গণ্ডি পেরিয়ে অন্য মানুষের প্রতি দায়িত্বশীল করে তোলে, অপরিচিতের কষ্টকেও নিজের ভাবতে শেখায়, সেই বন্ধুত্ব কেবল ব্যক্তিগত অনুভূতি থাকে না, হয়ে ওঠে সামাজিক শক্তি।
খুলনা বন্ধুসভার সঙ্গে পথচলার অভিজ্ঞতা থেকে আমি বন্ধুত্বের এই বৃহত্তর অর্থ উপলব্ধি করার সুযোগ পেয়েছি। এখানে বন্ধুত্ব কেবল পরিচিত কয়েকটি মুখের সঙ্গে সময় কাটানোর নাম নয়; বরং নানা বয়স, পেশা ও চিন্তার মানুষের সঙ্গে মিশে নিজেকে সমৃদ্ধ করার, অন্যের জন্য কিছু করার এবং সম্মিলিতভাবে ভালো কিছু গড়ে তোলার একটি অনুশীলন।
এই পথচলায় কখনো আমরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছি, কখনো শিশুদের নিয়ে আয়োজন করেছি ফল উৎসব। কখনো মাদকবিরোধী সচেতনতা তৈরিতে মানববন্ধনে দাঁড়িয়েছি, কখনো নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আবার কখনো গাছের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেছি। এসব কাজের প্রতিটিতে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা আমাকে একটি বিষয় বুঝিয়েছে—সমাজের প্রতি দায়িত্ববোধ শুধু বড় বড় কথা থেকে জন্মায় না; জন্মায় ছোট ছোট কাজের মধ্য দিয়ে।
একটি শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার সময় মনে হয়, শিক্ষার পথে তার সামান্য সহায়তাও গুরুত্বপূর্ণ হতে পারে। শিশুদের সঙ্গে ফল উৎসবে অংশ নিয়ে বোঝা যায়, আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেও মানবিকতার প্রকাশ আছে। মাদকবিরোধী মানববন্ধনে দাঁড়িয়ে উপলব্ধি করি, সমাজের কোনো সমস্যা নিয়ে নীরব থাকা মানে অনেক সময় সমস্যাটিকে আরও শক্তিশালী হতে দেওয়া। নারী ও শিশুর নিরাপত্তার দাবিতে প্রতিবাদ করতে গিয়ে বুঝি, মানবিকতা শুধু সহানুভূতি নয়; অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহসও।
আবার বৃক্ষরোপণ কর্মসূচি আমাকে অন্য রকম একটি শিক্ষা দিয়েছে। গাছ লাগানো একটি দিনের কাজ হতে পারে, কিন্তু একটি গাছকে বাঁচিয়ে তোলা দীর্ঘদিনের দায়িত্ব। পরিবেশের ক্ষেত্রেও বিষয়টি এমন—প্রকৃতির কাছ থেকে আমরা প্রতিনিয়ত নিচ্ছি, কিন্তু তার জন্য আমাদের দায় কতটুকু পালন করছি? একটি চারা রোপণের মধ্য দিয়ে হয়তো পুরো পরিবেশ বদলে যায় না, কিন্তু মানুষের মধ্যে দায়িত্বশীলতার বীজ বপন করা যায়।