রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন বিদেশি নাগরিকসহ দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে মহাখালীর আমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) এবং তাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮)। সাইফুল্লাহর বাড়ি নোয়াখালী জেলায়। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের ভাড়া মোটরসাইকেলে করে মিরপুরের জনতা হাউজিংয়ে নিজের বাসায় যাচ্ছিলেন মাইকেল। মোটরসাইকেলটি বনানীর আমতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ও আরোহী দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং অন্য একটি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন সমকালকে বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে গতকাল শনিবার তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
ই-মেইল: [email protected], [email protected]