কয়েক দিন ‘রাওয়া বইমেলা’ নিয়ে ব্যস্ততা গেল। বেশ রাতে ফিরছি। ভাবছি, রাষ্ট্রপতির জন্য কী নিয়ে যেতে পারি? আমার লেখা ও সম্পাদিত বইগুলো তো রাষ্ট্রপতি হওয়ার আগে দিয়েছি। এবার ভাবলাম, আমার লেখা না দিয়ে আমার প্রকাশনার তিনটি বই দিই। অধ্যাপক ড. এমরান জাহান সম্পাদিত পলাশীর যুদ্ধ: সত্যের অনুসন্ধানে, দীপক সাহার লেখা রাজা রামমোহন রায়: সময়ের আগে হেঁটেছিলেন যিনি এবং সাইফুল আহসান বুলবুলের লেখা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। এই তিনটি বই নিয়ে সকাল সকাল ছুটলাম। ঠিক করা ছিল, বেলা সাড়ে ১১টায় ভবনের সামনে উপস্থিত থাকতে হবে।

গুলিস্তান থেকে বঙ্গভবনের প্রবেশপথের সুপ্রশস্ত রাস্তার এক পাশে পা রাখতে দেখা হয়ে গেল একাত্তর টিভির আবদুল লতিফের সঙ্গে। তিনিও কখনো এই বঙ্গভবনে প্রবেশ করেননি। দুজনেই সুনসান এই পথ দিয়ে মোটরসাইকেলে করে চলে এলাম গেটের ঠিক পাশে, যেখানে প্রবেশের জন্য পাসকার্ড দেওয়া হয়।

চারদিকে লম্বা প্রাচীরঘেরা প্রাসাদোপম চত্বরজুড়ে সবুজ বৃক্ষরাজি। এর ভেতরে ছোট একটি গেট দিয়ে প্রবেশ করি অপেক্ষমাণ কক্ষে। সেখানে ইতিমধ্যে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের কয়েকজন সদস্য চলে এসেছেন। আমাদের দেখে তাঁরাও প্রফুল্ল হয়ে উঠলেন। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে লাগলাম। আমাদের রবীন্দ্রসংগীতশিল্পী ও সাংবাদিক নীর নূর তাজমিন মনের জোরে অনেক অসুস্থ শরীর নিয়েও উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে অপেক্ষমাণ কক্ষে ৪৪ জন সদস্য উপস্থিত হলাম।

বঙ্গভবনও অনেকটা ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীতে নির্মিত। ১৯৬৪ সালে সংস্কারের পর এখানে ইসলামি স্থাপত্য ও বাঙালি স্থাপত্যের সমন্বয় ঘটানো হয়। নিচতলার মেঝের চত্বরের ক্ষেত্রফল ৬৭০০ বর্গমিটার।

মাহবুবুল আলম সোহাগের কাছে মুঠোফোন রেখে, পাসকার্ড সংগ্রহ করে একে একে প্রবেশ করলাম।

মুঠোফোন ছাড়া কেমন জানি শূন্য শূন্য লাগছিল। প্রবেশপথের দুই পাশে চোখে পড়ল সবুজ গাছপালায় ভরপুর পরিবেশ। রাস্তার এক পাশে চোখ পড়ল সাদা রঙের একটি মাজারের দিকে। সেখানে লেখা আছে, সুফি সাধক শাহজালাল দাখিনির মাজার। স্থানটি অল্প সময়ের মধ্যেই সাধকের ভক্তদের কাছে মাজার হিসেবে পরিচিতি লাভ করতে থাকে।