ঐশ্বরিয়া রাই মানেই সৌন্দর্য আর গ্ল্যামারের ছটা। তাঁর উপস্থিতি কেড়ে নেয় সবার মনোযোগ। তাঁর মোহনীয় দৃষ্টির ভুবনভোলানো হাসি দোলা দেয় হৃদয়ে। বয়সকে হার মানিয়ে আজও তিনি যেন চিরসবুজ, চিরযৌবনা। সিনেমার পাশাপাশি বিশ্বজুড়ে নানা আয়োজনে দেখা যায় তাঁর ঝলমলে উপস্থিতি।
সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখাতে প্রস্তুত বলিউডের এই অভিনেত্রী।
প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যা ম্পে হাঁটবেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন।
ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।
দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। ফলে এবারের আয়োজনেও তাঁর উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যা ম্পে তাঁর প্রত্যাবর্তনকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরছে আয়োজকরা।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে। এবারের মঞ্চেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।