ভ্রমণ মানেই শুধু নতুন জায়গায় যাওয়া নয়; ভ্রমণ মানে নতুন কিছু দেখা, শেখা এবং পরিবারের সঙ্গে এমন স্মৃতি তৈরি করা, যা অনেক বছর পরও মনে থাকে। সেই ভালোবাসা থেকেই এবার আমাদের পরিবারের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া। এটি ছিল আমাদের প্রথম West Coast ভ্রমণ।

নিউ জার্সি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পর মনে হলো, আমরা যেন পরিচিত আমেরিকার বাইরে অন্য এক ভূখণ্ডে এসেছি। প্রশান্ত মহাসাগরের নীল জল, পাহাড়ি দৃশ্য, ব্যস্ত শহর আর বৈচিত্র্যময় সংস্কৃতি—সব মিলিয়ে পশ্চিম উপকূলের আলাদা এক আবহ।

আমাদের যাত্রার শুরুতে ছিল সান ফ্রান্সিসকো। গোল্ডেন গেট ব্রিজ (Golden Gate Bridge), সমুদ্রতীর, শহরের রাস্তা ও নানা পরিচিত স্থাপনা দেখে পরিবারের সবার মধ্যেই ছিল উৎসাহ। বিশেষ করে গোল্ডেন গেট ব্রিজ-এর সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল ছবিতে দেখা একটি পরিচিত দৃশ্য এবার বাস্তবে চোখের সামনে।

শহরের ব্যস্ততা পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ইয়োসেমাইটে ন্যাশনাল পার্ক। পথ যত এগোচ্ছিল, ততই বদলে যাচ্ছিল চারপাশ—শহরের জায়গা নিচ্ছিল পাহাড়, বন আর বিশাল গ্রানাইট শিলা।

ইয়োসেমাইটে ঢোকার পর সবচেয়ে বেশি যে বিষয়টি মনে ধরেছে তা হলো এর বিশালতা। এল ক্যাপিটন (El Capitan)-এর খাড়া গ্রানাইট দেয়াল, ইয়োসেমাইটের ভ্যালির বিস্তৃত সৌন্দর্য, Bridalveil Fall এবং দূরে হাফ ডোম (Half Dome)—সবকিছু মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল শিল্পকর্ম।

আমরা Mariposa Grove-এ California Tunnel Tree-ও দেখেছি। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল Giant Sequoia গাছগুলোর সামনে দাঁড়ালে সময়ের ব্যাপ্তি নতুনভাবে অনুভব করা যায়। একটি গাছের কাণ্ডের ভেতর দিয়ে পথ তৈরি করা সেই দৃশ্য সন্তানদের কাছেও ছিল ভীষণ রোমাঞ্চকর।