১৬ নভেম্বর বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে শহীদ বেদি চত্বরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটকটি পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর বন্ধুসভা।

একটি এলাকার বাসিন্দা আলিমুজ্জামান। তিনি বিবাহিত। পশুপাখি ভালোবাসেন এবং প্রতিদিন তাদের খাবার দেন। তবে তাঁর স্ত্রী এগুলো ভালো চোখে দেখেন না। কর্মহীন, বেকার আলিমুজ্জামানের এসব মানবিক কর্মকাণ্ড সংসারে আরও বেশি অর্থনৈতিক অভাব টেনে আনে।

একসময় তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। পরে মানবেতর জীবনযাপনের এক পর্যায়ে তিনি অত্যন্ত দীনহীন অবস্থায় মারা যান।জীবিত থাকাকালে তাঁর কোনো গুরুত্ব ছিল না। মৃত্যুর বহু বছর পর পরিবেশবাদী মানুষেরা তাঁর কাজের গুরুত্ব অনুধাবন করেন। তাঁর নামে একটি পদক চালু করেন। এভাবেই গল্পটি শেষ হয়।

নাটকটির নাম ‘ক্ষণজন্মা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মেহেদী মিঠু। ফরিদপুর বন্ধুসভার পরিবেশনায় ১৫ মিনিটের এ নাটকে অভিনয় করেছেন শাহ জাহাঙ্গীর, ইরা নাহার, মেহেদী হাসান, আনিসুর রহমান, তন্ময় সরকার ও হাসিব হক।

অনুষ্ঠানে ‘চাতক স্বভাব না হলে’ লালনগীতি পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু গামছা কাজল। ‘বাউলা কে বানাইলো রে’ শিরোনামে হাসন রাজার গান পরিবেশন করেন বন্ধু মিঠুন দাস এবং ‘আমি বাংলায় গান গাই’ দেশাত্মবোধক গান পরিবেশন করেন গোবিন্দ বাগচী।‘করি মানা কাম ছাড়ে না’ লালনগীতি ও ‘সবাই ভালোবাসতে জানে না’ আধুনিক গান পরিবেশন করেন সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া শিল্পী লাইলী বেগম।

প্রথম আলোর প্রতি গভীর প্রত্যয় ও কৃতজ্ঞতা ব্যক্ত করে ফরিদপুরের সাহিত্যের ফেরিওয়ালা হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক আলতাফ হোসেন বলেন, ‘প্রথম আলো ২৮ বছর অতিক্রম করেছে। কবিতার একটি লাইন মনে পড়ছে, “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” আমার মনে হয়, ২৮ বছর ধরে প্রথম আলো যুদ্ধে লিপ্ত রয়েছে। খুব তিক্ত যুদ্ধ, অশ্লীল যুদ্ধ। এ পৃথিবীর ইতিহাসে এ যুদ্ধের নজির নেই। পত্রিকার বিরুদ্ধাচরণের নামে দেশে নানা রেকর্ড সৃষ্টি করা হয়েছে। সব রেকর্ড হোক, বাংলাদেশে সবই হচ্ছে। তবে এটাকে গায়ে মাখেনি প্রথম আলো। এটিই প্রথম আলোর বুকের পাটা।’