ভিডিওতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদকে কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনাদের সবার জন্য উপহার রয়েছে। আপনারা যেকোনো বাক্সের সামনে দাঁড়াতে পারেন এবং যে উপহার পাবেন, সেটা নিয়েই খুশি থাকবেন।’

উপহারের বাক্স খোলার পর কেউ কেউ পান আইফোন, কারও কারও বাক্সে কেবল ডেইরি মিল্ক চকলেট ছিল। সেটা দেখে তাঁদের কেউ কেউ হয়তো ভেবেছিলেন, ভাগ্যটাই বুঝি খারাপ! কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল দৃশ্যপট। আরেক কর্মী হাতে করে নিয়ে এলেন নতুন বাক্স। মোড়ক খুলে চকলেট পাওয়া সেই কর্মীদের হাতেও একে একে তুলে দেওয়া হলো নতুন আইফোন!

প্রতিষ্ঠানটির মালিক নিশাদ হুসাইন ও ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদের বাড়ি ভারতের কেরালায়। সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের কর্মীদের এ উপহার দেন তাঁরা। ভিডিওটিতে দেখা যায়, টেবিলে রাখা বেশ কয়েকটি উপহারের বাক্সের সামনে দাঁড়িয়ে কর্মীদের উপহার বুঝে নিতে বলেন নিশাদ হুসাইন। একে একে সবাই নিজেদের পছন্দমতো র‍্যাপিং করা লাল কিংবা নীল বাক্স তুলে নিচ্ছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই কমেন্টের ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশংসায় ভাসছেন হাসিনা ও নিশাদ দম্পতি। একজন লিখেছেন, ‘আমার বস ভিডিওটা দেখে বলছেন, এটা নাকি এআই দিয়ে তৈরি!’আরেকজনের মন্তব্য, ‘আপনাদের কোম্পানিতে কি কোনো পদ খালি আছে? আমিও যোগ দিতে চাই।’আরেকজন বলেন, ‘কর্মীদের উৎসাহ প্রদানের জন্য সত্যিই দারুণ এক উদ্যোগ।’

কেবল উপহার দিয়েই ক্ষান্ত হননি প্রতিষ্ঠানের কর্ণধার হাসিনা নিশাদ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো কর্মী। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের আসল সাফল্য অর্জিত হয় সহকর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব আর সম্মিলিত শক্তির মাধ্যমে। আমাদের এগিয়ে নেওয়ার পেছনে প্রতিটি চেষ্টা, চিন্তা ও অবদানের গুরুত্ব অনেক।’