দুর্গাপূজায় এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাওয়ার সম্ভাবনা দেখছেন না কলকাতার মাছ ব্যবসায়ীরা। পূজা সামনে রেখে পদ্মা-মেঘনার ইলিশের অপেক্ষায় থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে এ নিয়ে হতাশা তৈরি হয়েছে।

এদিকে গুজরাট থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায়ও হতাশ কলকাতার ব্যবসায়ীরা। কলকাতা হয়ে ভারতের গুজরাট থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি করা হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ সরকার গুজরাটের ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই মধ্যে প্রায় ৫৫০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের হাওড়া ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ‘আমরা ইলিশের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তার আগেই ভারতের গুজরাট থেকে বাংলাদেশ যে ডিমভর্তি ইলিশ আমদানি করছিল, তা বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্বাভাবিকভাবেই আমাদের মনে হচ্ছে, বাংলাদেশ থেকে পূজা মৌসুমে যে ইলিশ আসত, এবার হয়তো সে দেশের সরকার তা পাঠানোর অনুমতি নাও দিতে পারে।’

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গত আগস্টে ঢাকায় গিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইলিশ আমদানি নিয়ে আলোচনা করে। সে সময় এবারও বাংলাদেশ থেকে ইলিশ পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানান ব্যবসায়ীরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার বাংলাদেশ সরকার গুজরাট থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশ থেকেও ইলিশ রপ্তানির অনুমতি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ‘হাতে আর সময় নেই। আগামী ৬ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেক্ষেত্রে এবার হয়তো পুজার সময় ইলিশের সুস্বাদু পদ থেকে বঞ্চিত থাকতে পারে বাঙালি।’

ই-মেইল: [email protected], [email protected]