বুধবার, ২৮ অক্টোবর ২০২৬Loginপ্রচ্ছদআয়োজনদূর পরবাসসফলতাপাঠকসংস্কৃতিভ্রমণছবি দূর পরবাস পুলিশের টিকিট সমাচারলেখা: কামাল উদ্দিন, কানাডাপ্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ১০ অলংকরণ: মাসুক হেলাল৮০ বছর বয়সী এক ভদ্রলোক এবং মধ্য বয়সী এক নারী কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, অ্যাকসিডেন্ট করার পর থেকে তাঁরা আর ড্রাইভ করেন না। প্রয়োজনে উবার কল করেন। ড্রাইভিং লাইসেন্সটি ফটো আইডি হিসেবে তাঁরা ব্যবহার করেন। যাঁরা ড্রাইভিংয়ে অনিচ্ছুক এবং ড্রাইভিং লাইসেন্স নেননি, তাঁদের অনেকেই সার্ভিস অন্টারিও (সরকারি অফিস) থেকে বাৎসরিক ফি পরিশোধের মাধ্যমে ফটো আইডি নিয়ে থাকেন। নর্থ আমেরিকায় ড্রাইভিং লাইসেন্স ফটো আইডি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন, যাঁরা ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারপরও বলা যায়, শীতের দেশে এই নর্থ আমেরিকায় গাড়িহীন জীবন একেবারেই অচল। ড্রাইভিংয়ের সময় নিয়ম ভঙ্গের জন্য পুলিশের টিকিট ছায়া হয়ে আশপাশেই ওত পেতে থাকে এবং গাড়ি পার্কিংয়ে ভুল ও অবহেলার কারণেও রয়েছে টিকিটের ব্যবস্থা। পান থেকে চুন খসলেই খবর আছে!
অগ্রজ ফরিদ ভাই হলুদ রঙের পার্কিং টিকিটের এই জরিমানার কাগজের (টিকিট) নাম দিয়েছেন গিফট সার্টিফিকেট। পুলিশের টিকিট সে তাঁর গাড়ির কম্পিউটার থেকে সাদা কাগজে সঙ্গে সঙ্গেই প্রিন্ট করে দেন এখন। ড্রাইভিংয়ের সময় ওয়াশরুমের প্রয়োজন হলে গ্যাস স্টেশন, কফির দোকান (টিম হর্টনস, স্টার বাকস্), শপিং মল কিংবা হোটেলে যেতে হয়। তখন গাড়ি অবশ্যই যথাস্থানে পার্ক করতে হবে। করোনার অনেক আগে একদিন দুপুরে ফরিদ ভাই ডাউনটাউনের এসপ্লানেড স্ট্রিটে অবস্থিত নভোটেল হোটেলে গেছেন ওয়াশরুম ব্যবহারের জন্য। তিনি তখন তাঁর গাড়িটি হোটেলের লবিতে পার্ক করেছিলেন। এটি ড্রপ অফ ও পিকআপ জোন। ডেজিগনেটেড পার্কিং স্পট নয়। ওয়াশরুম থেকে ফিরে হোটেলের লবি থেকেই তিনি দেখতে পান, দুজন পুলিশ সদস্য সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন তাঁর গাড়ির পাশে। গাড়ির চালককে নাগালে পেলেই তাঁরা জরিমানা করবেন। করিতকর্মা ফরিদ ভাই হোটেলের ভেতরে গ্লাসের ওপাড়ে থেকেই প্রায় দুই ঘণ্টা পুলিশের সঙ্গে লুকোচুরি খেললেন। অধৈর্য হয়ে পুলিশ দুজন সাইকেলে চড়ে পিঠ টান দেওয়ার পর ফরিদ ভাই বিজয়ের হাসি দিয়ে ফোন করে ঘটনার আদ্যোপান্ত জানালেন। এখন আর সেই যুগ নেই, পার্কিং ইন্সপেক্টরদের হাতে আধুনিক ডিভাইস দেওয়া হয়েছে। তাঁরা গাড়ির ছবি তুলতে পারলেই যথেষ্ট। তারিখ, সময়, লোকেশন উল্লেখ করে জরিমানার টিকিট এখন ডাকযোগে বাসায় চলে আসে। প্রযুক্তির কারণে তাঁদের পেশাদারত্ব সহজতর হয়েছে।
সকাল ও বিকেলের নির্দিষ্ট একটি সময় ট্রাফিক নিয়মানুযায়ী রাশ আওয়ার হিসেবে চিহ্নিত হয়ে আসছে শহরে। এই রাশ আওয়ারে বিভিন্ন সড়কে লেফট টার্ন করা নিষেধ। কোথাও কোথাও রেড লাইটে রাইট টার্ন নিষেধ।
ড্রাইভিং শুরুর প্রথম দিকে (সম্ভবত ২০০৪ সাল) কিং স্ট্রিট ওয়েস্ট অ্যান্ড আটলান্টিক স্ট্রিটে সকাল নয়টার সামান্য একটু আগে লেফট টার্ন করার সঙ্গে সঙ্গেই মামা (পুলিশ) আমাকে থামিয়ে বললেন, তুমি আমাকে ইনসাল্ট করেছ! তিনি তাঁর গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে ছিলেন। আমি আমার বাঁ দিকে একটু বেশি করে ঘাড় ঘোরালে তাঁকে দেখতে পেতাম। এক্সকিউজ মি, তোমাকে কীভাবে ইনসাল্ট করেছি, তুমি একটু বুঝিয়ে বললে ভালো হয়। সে বলল, রাশ আওয়ারে এই আটলান্টিক স্ট্রিটে লেফট টার্ন নিষেধ। আমি তো এখানে বসে আছি, তারপরও তুমি ইচ্ছাকৃতভাবে লেফট টার্ন করে আমাকে ইনসাল্ট করেছ। তুমি এটার পরের স্ট্রিট জেফারসনে লেফট টার্ন করতে পারতে। এক্সকিউজ মি, আসলে আমি তোমাকে খেয়াল করিনি। তোমাকে দেখলে তো আর আমি বোকার মতো ভুল করি না। আটলান্টিকে লেফট টার্ন না করে জেফারসনে লেফট করা যায়, সেটাও আমি জানি। ‘ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায়’।
সাধারণত পুলিশ টিকিট দেওয়ার পর বলে, তোমার কিছু বলার থাকলে তুমি কোর্টে যেতে পারো। বাসায় আসার পর বিকেলে বন্ধু মহিউদ্দিন আহমেদ বিন্দুকে ফোনে জিজ্ঞাসা করি, জীবনের প্রথম টিকিটের জরিমানা কি দিয়ে দেব? না, না, জরিমানা দিয়ো না। জরিমানা দিলে তোমার ইনস্যুরেন্স বাড়বে, কোর্টে যাও। যথারীতি কোর্টে গিয়ে ফর্ম পূরণ করার চার-পাঁচ মাস পর ডাকযোগে চিঠি এল, তোমার আমলনামা থেকে উল্লিখিত টিকিটটি ওয়েভ করা হয়েছে। অর্থাৎ, কোনো জরিমানা দিতে হবে না। কোনো কারণে মামা নির্দিষ্ট তারিখে কোর্ট উপস্থিত হতে অপারগ ছিলেন, এই জন্য মওকুফ পাওয়া গেল। আপিলের তারিখে কোর্টে পুলিশ উপস্থিত থাকলে চিত্রনাট্য পাল্টে যায়। ব্যস্ততার কারণে অনেকে উকিলের সাহায্য নেন।
একদিন সকালে সাউথ অব মার্টনে ইয়াং স্ট্রিটের সাউথ বাউন্ডে ড্রাইভিংয়ের সময় মামার খপ্পরে আটকে গেলাম। তিনি লাইট পোস্টের আড়ালে নর্থের দিকে স্পিড ক্যামেরা হাতে শুটিং মুডে ছিলেন। রাস্তার এই অংশটি ধনুকের মতো বাঁকা বা ঢালু (লো-হিল), এ কারণে চলমান গাড়ির গতি দ্রুত বেড়ে যায়। মামা আমাকে থামিয়ে জোড়ালো কণ্ঠে বললেন, সিট টাইট। তিনি আমার ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ নিয়ে গেলেন। ফিরে এসে টিকিট দিয়ে বললেন, তোমার গাড়ির গতি বেশি ছিল, এই নাও তোমার টিকিট। তুমি জরিমানার টাকা যথাসময়ে জমা দিও, যদি কোর্টে গিয়ে আপিল করো, তাহলে তোমার জরিমানার অঙ্ক এখনই বাড়িয়ে দেব। বললাম, এক্সকিউজ মি, মামা তুমি যদি ক্যামেরাটা আমাকে একটু দেখাও তাহলে ভালো হয়। আমার গাড়ির স্পিড কত ছিল? মামা তাঁর বলিষ্ঠ কণ্ঠে বললেন, টিকিট ফেরত দাও এবং সিট টাইট। তোমাকে আরেকটি টিকিট দেব। টিকিটসহ আমার হাত সরিয়ে নিয়ে বলি, আচ্ছা মামা, আমার ভুল হয়েছে। ক্যামেরা দেখাতে হবে না। আমি সুবোধ বালকের মতো তোমার উল্লিখিত জরিমানা যথাসময়ে পরিশোধ করব। "‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা তখন আমার। পরদিনই কোর্টে গিয়ে আপিল করি। চার-পাঁচ মাস পর ডাকযোগে চিঠি আসে, তোমার আমলনামা থেকে টিকিট ওয়েভ করা হয়েছে। তখন পুলিশ মামাকে উদ্দেশ্য করে বলি, ‘পিচঢালা এই পথটারে ভালোবসেছি/ তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি/ রংভরা এই শহরে যতই দেখেছি/ আরে গোলকধাঁধার চক্করে ততই পড়েছি’।