গত ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন বন্ধুরা। রাতের যাত্রা শেষে ১৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছান তাঁরা। গাড়ি থেকে নেমেই শুরু হয় প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায়, গন্তব্য মীরসরাইয়ের মহামায়া লেক।

মহামায়া লেকের সৌন্দর্য পেছনে ফেলে এরপর বন্ধুরা রওনা হন সীতাকুণ্ড ইকোপার্কের ঝরনার উদ্দেশে। পাহাড়ি পথ পেরিয়ে ঝরনার কাছে পৌঁছে প্রকৃতির আরেক রূপের দেখা পান তাঁরা। ঝরনা, পাহাড়ি পরিবেশ ও পথের নানা অভিজ্ঞতায় ভ্রমণের আনন্দ আরও বাড়তে থাকে।

সন্ধ্যার দিকে বাঁশবাড়িয়া থেকে ফেরার পথে বন্ধুরা যান পতেঙ্গা সমুদ্রসৈকতে। সেখানে ঘোরাঘুরি ও আড্ডার পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি আনন্দঘন সংক্ষিপ্ত সভা। উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিনয় বর্মণ ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকেরা। আরও ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান, পলাশ মাহবুব ও সাবেক সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, অর্থ সম্পাদক রিজভী আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফারহান আনন্দ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, ম্যাগাজিন সম্পাদক রিফাতুল ইসলামসহ বর্তমান ও সাবেক বন্ধুরা।

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের জন্য আয়োজিত এই বার্ষিক ভ্রমণে সার্বিক সহযোগিতায় ছিল ডেলিভো ট্রাভেলস। সদ্য নতুন যাত্রা শুরু করা এই এজেন্সির প্রতিষ্ঠাতা ও কর্ণধার ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আহমেদ।