ঢাকা জেলা ড্রাম ট্রাক, কনক্রিট মিক্সার, প্রাইম মুভার, ট্রেইলার ক্রেন, ফ্ল্যাট বেড শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

ড্রাম ট্রাক ও ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সড়ক নিরাপত্তা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন খাতের সার্বিক শৃঙ্খলা রক্ষার দাবি জানানো হয়েছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা জেলা ড্রাম ট্রাক, কনক্রিট মিক্সার, প্রাইম মুভার, ট্রেইলার ক্রেন, ফ্ল্যাট বেড (হেভি ইকুইপমেন্ট অপারেটর) শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে হেভি ইকুইপমেন্ট, ড্রাম ট্রাক, কাভার্ডভ্যান অপারেটর এবং চালকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের পারস্পরিক ঐক্য জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ঢাকা জেলার আওতাধীন ড্রাম ট্রাক ও হেভি ইকুইপমেন্ট শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কল্যাণমুখী ফান্ড গঠন এবং প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানানো হয়। এছাড়া নবগঠিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় এবং সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান। সভায় উপস্থিত ছিলেন মো. জুবায়ের জাকির, সৈয়দ কবির আহমেদ মিঠু, মো. ইউসুফ হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফয়ছল আহয়েদ (টিপু)। পরিচিতি সভা পরিচালনা করেন হেভি ইকুইপমেন্ট অপারেটর রবিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফরাজী।

ই-মেইল: [email protected], [email protected]