প্রণয়ের প্রকৃষ্ট সময় খালেদ হোসাইন উদ্যত খড়্গের নিচে এখন শুধু প্রেমের কবিতা লিখবার কাল। আকাশে দুর্যোগের ঘনঘটা থাক কিংবা নীল হাহাকার এখন শুধু চুম্বন আর আলিঙ্গন দরকার।
অর্জিত অর্থ যদি হারায় তার সমস্ত মর্যাদা ক্ষুধার তীব্রতায় যদি ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র ঘূর্ণাবর্তের মতো মুচড়ে মুচড়ে ওঠে হাসি যেন মুদ্রিত থাকে ঠোঁটে– প্রথম প্রেমের নিবিড় আবেগে শিউরে ওঠার এটাই তো শ্রেষ্ঠ সময়!
মানবিক জীবনে যদি নেমে আসে অতলান্ত আঁধার জীবের জিহ্বা যদি হয়ে ওঠে চাপাতি ও ক্ষুর– বুঝে নিও জীবন মধুর।
মন্ময় মদিরা নয়, জল যদি হয়ে ওঠে জ্বালা শয্যা যদি হয়ে ওঠে কণ্টকময় নিদ্রা নয়, চোখ যদি বিদ্ধ হয় তিরে অস্থির হয়ো না, ধীরে অতি ধীরে ইন্দ্রধনু উপভোগ করো পশ্চাতে ফিরে– এটাই এখন প্রকৃষ্ট প্রণয় আর কিছু নয়।
ঘুমের কাছে তোমার অনেক ঋণ, সারারাত জেগে থাকে জানালায় চাঁদ শিশিরের গায়ে ভোর লিখে যায়– হারিয়ে যাওয়া কোনো নক্ষত্রের সংবাদ।
বনের ভিতর বাতাস ঘুমিয়ে পড়ে, পাতারা তবু স্বপ্নের শব্দ শোনে; দূরের নদী অন্ধকার বয়ে নিয়ে– একলা জেগে থাকে কাশের বনে।