প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০১
নড়াইলের কালিয়ায় মানসুর মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নূর ইসলাম (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার কদমতলা ত্রিমোহনায় এ ঘটনা ঘটে।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ছেলে। আহত নূর ইসলাম একই গ্রামের মৃত আমজাদ মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা তার দাদার জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি করে আসছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব ইউপি সদস্য কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।
এর জের ধরে শনিবার রাতে হাসিব কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম কাছে কাসেদের গায়ে হাত তোলার কারণ জানতে চান। একপর্যায়ে হাসিব ধারালো অস্ত্র বের করে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন।
গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।