লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার সকাল ৮টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়নের মজিবর রহমানের ছেলে নুর আমীন এবং একই ইউনিয়নের হাফিজার রহমানের ছেলে ফাতুল (৩৫)। এ ছাড়া পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে পাটগ্রাম থেকে একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
এ সময় ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিয়ে পাশের একটি মুদি দোকানের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নুর ইসলাম ও ফাতুল ইসলাম নিহত হন। আহত হন আটজন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরও একজন মারা যান। আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বাবুল হোসেন বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ দোকানে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’