খুলনা সরকারি মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বুশরা জামান বলে, ‘প্রথম আলো জিপিএ–৫ প্রোগ্রাম একটি আনন্দঘন মুহূর্ত। এটির জন্য দীর্ঘ দিনের অপেক্ষা ছিল। আয়োজন বেশ উপভোগ করছি।’

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ৩ অক্টোবর খুলনায় অনুষ্ঠিত হলো শিখো–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে এই অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে খুলনা বন্ধুসভা।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। খুলনা বন্ধুসভার সভাপতি স্বর্ণকমল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল।

খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, ‘তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নায়কেরা বেরিয়ে আসবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। তাই আরও বেশি মনোযোগী হতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে। শুধু জিপিএ-৫ পাওয়াই জীবনের বড় অর্জন নয়, তোমাদের একজন আলোকিত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলতে শপথ পাঠ করান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, ‘পাঠ্যবই পরীক্ষায় পাস করার জন্য; কিন্তু পৃথিবীকে জানার জন্য নানা ধরনের বই পড়তে হবে। উপন্যাসও পড়তে হবে, সিনেমা দেখতে হবে, গানও শুনতে হবে। এসব তোমাদের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’

এরপর কুইজ বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সাজ্জাদ শরিফ।