চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর থানার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও একই গ্রামের সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে সুজন ও সাব্বিরসহ কয়েকজন তরুণ দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোত ও পানির গভীরতায় নিয়ন্ত্রণ হারিয়ে সুজন ও সাব্বির পানিতে তলিয়ে যান।

তাদের তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা তরুণেরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহানন্দা নদীতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে নিহতদের নিজ নিজ বাড়িতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ই-মেইল: [email protected], [email protected]