কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর মো. শাহীন (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন রামু মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, বুধবার শেষ বিকেলে সিকদারপাড়া এলাকার বাঁকখালী নদীর পাড়ের বাদামতলী মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীতে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটি নিয়ে সাঁতার কাটছিল। একপর্যায়ে শাহীন পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

শাহীনের বড় ভাই মো. ফয়সাল বলেন, বন্ধুদের সঙ্গে খেলা শেষে নদীতে গোসল করতে গিয়ে আমার ভাই পানিতে তলিয়ে গেছে। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আমরা নদীর পাড় ও আশপাশের এলাকায় খোঁজ করছিলাম। দ্রুত উদ্ধার অভিযানের দাবি জানিয়েছিলাম।

রামু ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। কক্সবাজারে ডুবুরি দল না থাকায় বুধবার উদ্ধার তৎপরতা সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে সকালে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে শাহীনের মরদেহ উদ্ধার করে।

ই-মেইল: [email protected], [email protected]