রোববার, ১৫ নভেম্বর ২০২৬Loginপ্রবন্ধসাক্ষাৎকারঅনুবাদবই আলোচনানথিপত্রআর্কাইভ প্রবন্ধজান্নাতুল রুহী নতুন চাষাবাদে ইউটিউব-নির্ভর কৃষিজ্ঞান: মিডিয়া লিটারেসির প্রয়োজনীয়তা আসলে কতটা? আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ০২ সারকথা

মফস্‌সল সংবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে কৃষকদের অনেক সফলতার গল্প দেখেছি। কাজ করতে গিয়ে দেখেছি, কৃষকদের বেশির ভাগই ভিনদেশি ফসল উৎপাদন করছেন। প্রায় ক্ষেত্রেই তাঁরা প্রবাসে থাকার পর ফিরে এসে এ ধরনের চাষাবাদ শুরু করেছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, প্রত্যেকেই চাষাবাদের কোনো না কোনো পর্যায়ে ইউটিউবের ভিডিও দেখে তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছেন। কারণ ফসলগুলো এমন, যেগুলোর কৌশল স্থানীয় কৃষি অফিস বা পূর্বপুরুষদের অভিজ্ঞতায় সহজে পাওয়া যায় না। এ জন্য ইউটিউবই হয়ে ওঠে তাঁদের প্রধান তথ্যসূত্র। তাঁরা কীভাবে এই তথ্য ব্যবহার করছেন? তাঁরা কি ভিডিও দেখে সরাসরি চাষাবাদ শুরু করেন, নাকি তথ্য যাচাই করেন? এ প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয় এই অনুসন্ধান। এই কৌতূহলকে কেন্দ্র করেই দেশের আট জেলার ১১ জন কৃষকের সঙ্গে কথা বলি। স্থানীয় সংবাদ প্রতিনিধিদের সহায়তায় তাঁদের খুঁজে পাওয়ার পর প্রত্যেকের সঙ্গে সরাসরি টেলিফোনে সাক্ষাৎকার গ্রহণ করি। মূলত এই সাক্ষাৎকারগুলোর ওপর ভিত্তি করেই এই বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।

গত দুই দশকে দেশের কৃষিব্যবস্থায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। কিছুদিন আগেও এই অঞ্চলে কৃষি বলতে মূলত ধান, পাট, গম কিংবা প্রচলিত সবজি চাষের বিষয়টিই মুখ্য ছিল। বর্তমানে বিদেশি বিভিন্ন ফল, কিংবা অমৌসুমি সবজির চাষও হচ্ছে। আবার নতুন নতুন প্রযুক্তিগত সুবিধা, যেমন পলিশেড, নেট হাউস, ড্রিপ ইরিগেশন এবং স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, ভার্মি কম্পোস্ট প্রভৃতির ব্যবহার বেড়েছে। সবই সম্ভব হয়েছে আসলে দেশের কৃষি খাতে যথার্থ নীতি নির্ধারণ করে, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে এবং সেই প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। এ ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ অবদান অনেক বেশি। তবে কৃষিতে প্রযুক্তির এই রূপান্তরের কারণে শুধু নতুন সুযোগ বা সম্ভাবনাই তৈরি হয়নি, বরং প্রয়োজন তৈরি হয়েছে নতুন জ্ঞানের ও সচেতনতারও।

এই ফসলগুলো বাংলাদেশে এসেছে অতি সম্প্রতি। ২০০৩ সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বারি মাল্টা উদ্ভাবন করেন (বড়ুয়া ২০১৫)। একই সময়ে এটা জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পায়। তবে জেলা পর্যায়ে বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়তে আরও সময় লেগেছে। যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টা চাষ শুরু হয় ২০১৩-১৪ অর্থবছরে (শাহীন ২০২০)। ২০১৫ সালের পরে মূলত সমতলে এই ফসলের বাণিজ্যিক চাষ ছড়িয়েছে।

আবার ২০০৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারের উদ্যোগে ড্রাগন ফল বাংলাদেশে নিয়ে আসা হয় এবং দেশের মাটি ও জলবায়ুতে এটি কতটা উপযোগী, সেটা গবেষণা শুরু করা হয় (রহিম ও আলম ২০১৯)। পরবর্তী সময়ে ব্যক্তি উদ্যোগে কিছু কৃষক ফলটির চাষ শুরু করেন। ২০১৪ সালের দিকে এই ফলের বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে শুরু হয় (সুপ্রিয়া ২০২৫)। ২০০৭ সালেই আরও একটা নতুন ফলের চাষ শুরু হয়। ব্যক্তি উদ্যোগে রাঙামাটি শহরের এক বাসিন্দা থাইল্যান্ড থেকে দুটি রামবুটানের বীজ নিয়ে আসেন। বাড়ির আঙিনায় বীজ বপন করলে একটি চারা আসে। ২০১২ সালে সেই চারা বড় হয়ে পরিণত গাছে কিছু ফল আসে। পরের বছর থেকে ফল বাড়তে থাকে। তবে বাণিজ্যিক চাষ এখনো সীমিত এবং মূলত পার্বত্য জেলাগুলোতে কেন্দ্রীভূত (সাধন ২০১৯)। ২০১২ সালে নওগাঁয় অস্ট্রেলিয়া থেকে আনা চারা দিয়ে তিন বিঘা জমিতে বীজহীন ক্রিমসন সিডলেস এবং মেনেনডি সিডলেস জাতের আঙুর চাষ শুরু হয়। আঙুরের কোনো বারি-অনুমোদিত জাত নেই, কৃষকেরা মূলত ভারত ও অন্যান্য দেশ থেকে সরাসরি চারা আনছেন (বহুমাত্রিক.কম, ২০১৪)। আমেরিকার প্রচলিত ফল অ্যাভোকাডো এ দেশে আনা হয় ২০১৭ সালে। এটার বীজ রোপণ করা হয় হর্টিকালচার সেন্টারের জার্মপ্লাজম সেন্টারে। বিভিন্ন ধরনের গবেষণা শেষে ছয় বছর পর প্রথম সাফল্য আসে। এরপর নিয়মিত ফল ধরার কারণে ২০১৭ সাল থেকে কলম চারা তৈরির মাধ্যমে শুরু হয় বাণিজ্যিক সম্প্রসারণ (আনোয়ার ২০১৯)। কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৩৪ প্রজাতির বিদেশি ফল বিভিন্ন অঞ্চলে চাষ হয়। তবে ব্যক্তিগত পর্যায়ে বা ছাদবাগানে শৌখিনভাবে চাষ হওয়া ফলের সংখ্যা হিসাব করলে এটি আরও বেশি হবে (নাজমুল ২০২৬)।

অর্থাৎ এটা বোঝা যায় যে বাংলাদেশে বিদেশি ফসলগুলোর বিস্তার হয়েছে মূলত গত দুই দশকে। এসব ফসলের অনেকগুলোই গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশে প্রবর্তিত হয়েছে। পরবর্তী সময়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছায়। ফলে বর্তমান প্রজন্মের অনেক কৃষকের জন্য এসব ফসল সম্পর্কে পারিবারিক বা বাবা–দাদার কাছ থেকে এই চাষ শেখার সুযোগ নেই। এই শূন্যস্থান পূরণে সামাজিক যোগাযোগমাধ্যম—ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হিসেবে আবির্ভূত হয়েছে।