চট্টগ্রামের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। তিন দিনের ব্যবধানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমেছে প্রায় ৩২ কোটি ঘনফুট। এতে দেশে মোট গ্যাস সরবরাহও কমেছে প্রায় ২৯ কোটি ঘনফুট।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশে এলএনজি সরবরাহ নেমে এসেছে ৬৮ কোটি ৬০ লাখ ঘনফুটে। ২১ সেপ্টেম্বর দুপুর ২টায় এর পরিমাণ ছিল ১০০ কোটি ৩০ লাখ ঘনফুট। অর্থাৎ তিন দিনের ব্যবধানে সরবরাহ কমেছে ৩১ কোটি ৭০ লাখ ঘনফুট।

এ সময় দেশে মোট গ্যাস সরবরাহ ২৫৯ কোটি ১০ লাখ থেকে কমে ২৩০ কোটি ১০ লাখ ঘনফুট হয়েছে। দেশীয় গ্যাসের সরবরাহ অবশ্য কিছুটা বেড়ে ১৫৮ কোটি ৮০ লাখ থেকে ১৬১ কোটি ৫০ লাখ ঘনফুট হয়েছে।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের ওপর নির্ভরশীল বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহের ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি হলে তেলভিত্তিক উৎপাদন বাড়ানোর প্রয়োজন হতে পারে। শিল্পে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে। তবে কোথায় কতটা সরবরাহ কমেছে, সে তথ্য পেট্রোবাংলা জানায়নি।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি করা এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় সামগ্রিক গ্যাস সরবরাহ কমেছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।