রাজধানীর গাবতলী এলাকায় একটি ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের দীর্ঘ সারি। গ্যাস পেতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩৬
রাজধানীর অনেক এলাকায় গতকাল শুক্রবার ছুটির দিনের সকালেও চুলায় গ্যাসের চাপ কম ছিল। কোথাও অল্প আঁচে রান্না হয়েছে। দুপুরেও কাটেনি সেই ভোগান্তি। সিএনজি স্টেশনগুলোতেও ছিল গাড়ির দীর্ঘ সারি। কম চাপের কারণে ধীরগতিতে গ্যাস ভরায় চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। আগের দিন বৃহস্পতিবার এলএনজি সরবরাহ কমে যাওয়ার প্রভাবেই গতকাল দিনভর এমন ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে।
ছুটির দিনে অধিকাংশ মানুষ বাসায় থাকায় আবাসিক গ্রাহকদের ভোগান্তি ছিল বেশি। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় দিনের বড় সময় গ্যাসের চাপ কম ছিল। অনেকে বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন কিংবা সিলিন্ডার ব্যবহার করেছেন। কোথাও কোথাও সন্ধ্যার দিকে চাপ কিছুটা বাড়তে শুরু করে।
মগবাজারের বাসিন্দা রাহেলা খাতুন বলেন, ‘ছুটির দিন বলে একটু দেরি করে ঘুম থেকে উঠে দেখি চুলায় গ্যাস নেই। পরে রাইস কুকারে ভাত আর আলু চড়িয়ে সকালের খাবারের ব্যবস্থা করি। দুপুরেও চুলা জ্বলেনি। পরে রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনতে হয়েছে।’
সাতরাস্তার মোড়ের সিএনজি স্টেশনে গতকাল দুপুরে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। গ্যাসের চাপ কম থাকায় একটি গাড়িতে গ্যাস দিতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছিল। আকবর হোসেন নামে এক চালক বলেন, ‘তিনটি স্টেশন ঘুরে এখানে গ্যাস নিতে এসেছি। প্রায় দেড় ঘণ্টা ধরে লাইনে আছি। সামনে আরও ২০টি গাড়ি।’