প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে বুকে ব্যথা উঠে মো. ফখরুল ইসলাম (৪২) নামে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সিআইডি দপ্তরে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফখরুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি থানার ইছালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত সানাউল হকের ছেলে। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন ফখরুল। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাঁকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব বলেন, ফখরুল ইসলামকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব উর রাজা বলেন, সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।