উপন্যাসটির চরিত্র ও ঘটনাপ্রবাহকে নিজেদের যাপিত জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোয় অনুধাবনের উদ্দেশ্যে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৩ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এ আসর বসে।
মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বন্ধু সিফাত আল সাকিব। তাঁর আলোচনায় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিজয়া, নরেন ও বিলাসের সম্পর্কের টানাপোড়েন, ব্রাহ্ম ও সনাতন ধর্মীয় পরিমণ্ডলের সামাজিক দ্বন্দ্ব, তৎকালীন পারিবারিক মূল্যবোধ ও মানসিক দ্বিধাদ্বন্দ্ব উঠে আসে।
আলোচনায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের সবচেয়ে বড় শক্তি হলো মানবমনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে খুব সহজে স্পর্শ করতে পারা। “দত্তা” উপন্যাসে বিজয়া চরিত্রটি যেন আত্মসম্মানবোধ এবং দ্বিধাদ্বন্দ্বের এক অনন্য মেলবন্ধন। বাবার দেওয়া প্রতিশ্রুতি এবং নিজের অনুভূতির লড়াইয়ে বিজয়ার যে দোলাচল, তা সমকালের যেকোনো মানুষের সিদ্ধান্তহীনতার সঙ্গেই মিলে যায়। বইয়ের পাতা থেকে উঠে আসা এই মানসিক টানাপোড়েন আজও আমাদের নিজেদের জীবন ও চারপাশের সম্পর্কগুলোকে নতুন করে উপলব্ধি করতে শেখায়।’
মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারী বন্ধুরা উপন্যাসের নানা চরিত্রের আচরণ, বিলাসবিহারীর আধিপত্যকামী মনোভাব ও নরেনের নির্লিপ্ত অথচ দৃঢ় ব্যক্তিত্বের সঙ্গে বর্তমান সমাজের নানা ঘটনার সাদৃশ্য তুলে ধরেন। ফলে আলোচনাটি কেবল সাহিত্যের তাত্ত্বিক বিশ্লেষণে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা, সম্পর্ক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এক প্রাণবন্ত আড্ডায় রূপ নেয়।
জাবি বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার বলেন, ‘“দত্তা” শুধু নিছক কোনো প্রেমের আখ্যান নয়; বরং এখানে ব্যক্তির সিদ্ধান্তের সঙ্গে পরিবার, সমাজ ও আত্মবিশ্বাসের সংঘাত নিখুঁতভাবে ধরা পড়েছে। শরৎচন্দ্রের এই সৃষ্টির ভেতর দিয়ে নিজেদের চারপাশের মানুষের মানসিকতা ও বাস্তব জীবনকেও নতুন করে চেনা যায়।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ সালমান হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অরূপা রহমান, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া মুরাদ, দপ্তর সম্পাদক অরিত্র গুহ, প্রচার সম্পাদক অরুণিমা পাল ও বন্ধু দ্বীপ তৌমুরসহ বন্ধুসভার অন্য সদস্যরা।