থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যায় কোথাও কোথাও কোমরসমান পানিতে ডুবে গেছে সড়ক ও আবাসিক এলাকা। সপ্তাহান্তের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে। এদিকে পূর্বাঞ্চলের কয়েকটি জলাধারে পানি ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের ৪১টি প্রদেশ বন্যাকবলিত হয়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখ ৮০ হাজারের বেশি বাড়ি। বন্যাকবলিত এলাকায় ৮০ হাজারের বেশি মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উনসিত সামপুনথারাত বলেন, ত্রাণ কার্যক্রমে ভাসমান রান্নাঘর ও নৌযান ব্যবহার করা হচ্ছে। বন্যার পুরো সময় এবং পানি নেমে যাওয়ার পর অন্তত আরও সাত দিন সব বাসিন্দাকে দিনে তিন বেলা খাবার দেওয়ার লক্ষ্য রয়েছে।
ব্যাংককে প্রায় ৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ব্যাংককের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গত সপ্তাহে দুই থেকে তিন দিনে রাজধানীতে ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা পুরো সেপ্টেম্বর মাসে শহরটিতে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয় তার কাছাকাছি।
ব্যাংকক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৩৪টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৯০১ জন আশ্রয় নিয়েছেন।