কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে সারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কৃষকরা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে গতকাল মঙ্গলবার মেহেরপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই দিন কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৪ ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিকে সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে রাজশাহীতে পরীক্ষামূলক ওয়েবসাইট চালু হয়েছে। কুড়িগ্রামে সাময়িক সার বিতরণ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেহেরপুরে দাবির পক্ষে দুপুরে নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে সচেতন নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন নুরু রহমান, তাওফিকুল ইসলাম, আবুল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক (ডিসি) বরাবর দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
দাবির মধ্যে রয়েছে, বাছাই কমিটিতে আবেদনকারী সার ডিলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত ও প্রকাশ করা, অযোগ্য আবেদনকারীদের বাতিলের কারণ প্রকাশ এবং যোগ্য আবেদনকারীর নির্ধারিত সংখ্যা বেশি হলে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে সম্ভাব্য অনিয়মের বিষয়ে তদন্ত করা এবং কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা না দেওয়া।
এ সময় তাওফিকুল ইসলাম বলেন, ‘যারা সার ডিলারশিপ পেতে আবেদন করেছিলেন, সেই আবেদন সরকারি দলের কিছু নেতার যোগসাজশে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় লোক নিয়োগ দেওয়ার যে পাঁয়তারা চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হলে প্রতিবাদ কর্মসূচি চলবে। প্রয়োজনে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।