ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রী। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। তিনি রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সূত্রে জানা যায়, মোবারকগঞ্জ স্টেশনে বিরতির পর ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় তাড়াহুড়া করে ট্রেনে উঠতে যান রাবেয়া। এ সময় অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান তিনি। তখন ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
আহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে যশোরে পাঠানো হয়েছে।
ই-মেইল: [email protected], [email protected]