BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, NurPhoto via Getty Images

ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা মো. আলী হোসেন চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। করোনা মহামারিতে চাকরি হারানোর পর উপায়ান্ত না পেয়ে মোটরসাইকেলে রাইড শেয়ারিং শুরু করেন। সেখান থেকে প্রতিদিন যা আয় হয়, সেটি দিয়েই চলে স্ত্রী-সন্তানসহ তাদের চারজনের সংসার।

"কিন্তু এইখানেও অবস্থা ভালো না। একদিকে যাত্রীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। আবার তেলের দাম বাড়তির কারণে আমাদেরও খরচে পোষাইতেছে না। এখন কীভাবে চলমু, সেইটা নিয়াই টেনশনে আছি," বলছিলেন মি. হোসেন।

গত কয়েক মাসে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে সাধারণ মানুষকে এখন রীতিমত হিমশিম খেতে হচ্ছে।

এর মধ্যেই সোমবার থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এর ফলে কৃষি, শিল্পসহ বিভিন্নক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

"জ্বালানি তেল এমন একটি জিনিস, যেটার দাম বেড়ে গেলে চেইন রিঅ্যাকশন হিসেবে সেটার প্রভাব কৃষি, শিল্প, পরিবহনসহ সবখাতেই পড়ে। উৎপাদন পর্যায়ে খরচ বাড়লে বাজারে পণ্য ও সেবার দামও বেড়ে যাবে," বিবিসি বাংলাকে বলছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও সাবেক নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।